সারা বাংলা

বগুড়ায় ৬ ফুট লম্বা পদ্ম গোখরা উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ার শেরপুর উপজেলায় একটি ফসলি জমি থেকে প্রায় ৬ ফুট লম্বা বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে পিটিয়ে মারার হাত থেকে রক্ষা করে নিরাপদ ও নির্জন এলাকায় অবমুক্ত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’।

সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের খিকন্দা পূর্বপাড়া গ্রামে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৪ মে) রাতে খিকন্দা (সিকিন্দা) পূর্বপাড়া গ্রামের মৃত গিয়াস মন্ডলের ছেলে মজিবর রহমান মাছ ধরার জন্য নিজের ফসলি জমিতে চায়না দুয়ারী জাল পেতে রাখে। রাত আনুমানিক ৩টার দিকে তিনি জালে আটকানো মাছ সংগ্রহ করতে গেলে পদ্ম গোখরা সাপটি দেখতে পান। তিনি সাপসহ জালটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে জালের মালিক মজনু মিয়া সাপটিকে না মেরে শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ জামাল কামালকে বিষয়টি জানান।

খবর পেয়ে ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশের’ উদ্ধারকর্মী মোহাম্মদ জেমস অক্ষত অবস্থায় বিষধর সাপটি উদ্ধার করে এবং পরে লোকালয় থেকে দূরে নির্জন ও নিরাপদ জঙ্গল এলাকায় অবমুক্ত করে। 

উদ্ধারকর্মী মোহাম্মদ জেমস বলেন, ‘‘সাপটি উদ্ধার করে নিরাপদ জঙ্গলে ছেড়ে দিয়েছি, যেন সেটি প্রকৃতির বুকে বেঁচে থাকতে পারে।’’