বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় বেশ চমক দেখাল স্পেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের ২৬ সদস্যের স্কোয়াডে রাখেনি দেশটির সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারকে। অবিশ্বাস্য মনে হলেও স্পেন এমনটাই করেছে।
সোমবার (২৫ মে) রাতে স্পেন বিশ্বকাপের দল ঘোষণা করে। প্রথমবারের মতো রিয়ালের কোনো খেলোয়াড় ছাড়া স্পেন বিশ্বকাপে মাঠে নামবে।
১৯৩৪ থেকে ২০২২, সতেরোটি বিশ্বকাপ অভিযানে অন্তত রিয়াল মাদ্রিদের একজন হলেও ফুটবলার ছিলেন। এবার সেই ঐতিহ্যে ছেদ পড়ল।
সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় থাকা ডিন হুউসেন, আলভারো কারেরাস ও গনসালো গার্সিয়ার জায়গা না পাওয়া নিয়ে বেশি আলোচনা হচ্ছে। অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতারও ঠাঁই হয়নি বিশ্বকাপ দলে।
লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত দলে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন উনাই সিমন, ডেভিড রায়া ও হুয়ান গার্সিয়া। রক্ষণভাগে মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো পোরো। মাঝমাঠের দায়িত্ব সামলাবেন পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ, অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো। আক্রমণভাগে লামিন ইয়ামালের সঙ্গে থাকছেন মিকেল ওয়ারজাবাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোর্হা ইগলেসিয়াস ও ভিক্টর মুনিয়োজ।
২০১০ বিশ্বকাপ জয়ের পর থেকে স্পেন শেষ ষোলোর গণ্ডি পেরোতে পারেনি। ২০২৪ সালের ইউরো শিরোপাজয়ী এই দল সেই অপ্রাপ্তি ঘোচাতে মাঠে নামবে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে। ‘এইচ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।
এদিকে, রিয়াল মাদ্রিদের খেলোয়াড় না থাকাটা বিস্ময়ের সঙ্গে প্রশ্নও উঠছে। বর্তমান রিয়ালের স্কোয়াডের কাঠামো একেবারেই বিদেশিনির্ভর। পাশাপাশি দানি কারভাহালের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় এবং স্প্যানিশ তরুণদের নিয়মিত সুযোগ না পাওয়ার প্রভাবও পড়েছে জাতীয় দলে।
২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া ও হুয়ান গার্সিয়া। ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো পোরো। মিডফিল্ডার: পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো। ফরোয়ার্ড: মিকেল ওয়ারজাবাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনিয়োজ ও লামিন ইয়ামাল।