জাতীয়

রাজধানীতে সড়কে ছাগলের হাট, বাড়ছে ভোগান্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় জমে উঠেছে পশুর অস্থায়ী হাট। নির্ধারিত হাটের বাইরে নতুন বাজার থেকে রামপুরা পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে ছাগল বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের। এতে যেমন যান চলাচলে বিঘ্ন ঘটছে, তেমনই বাড়ছে জনভোগান্তিও।

মঙ্গলবার (২৬ মে) সরেজমিনে এসব এলাকা ঘুরে দেখা যায়, সড়কের পাশে একেক জন  ৫-৭টি ছাগলের দড়ি হাতে বিক্রির জন্য দাঁড়িয়েছেন। কোথাও কোথাও ফুটপাত পুরোপুরি দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে।

নতুন বাজার, বাড্ডা, আফতাবনগর, মালিবাগ ও রামপুরা এলাকায় রাস্তার পাশে ছাগলের ব্যাপারীদের ভিড় বেশি দেখা গেছে। ক্রেতারাও রাস্তার পাশেই দাঁড়িয়ে দর-দাম করছেন। অনেকেই নির্ধারিত পশুর হাটে না গিয়ে বাসার কাছেই পশু কিনতে আগ্রহ দেখাচ্ছেন।

এসব অস্থায়ী হাটের কারণে সড়কে যানজটও তৈরি হচ্ছে। ব্যস্ত সড়কের পাশে হঠাৎ গাড়ি থামিয়ে পশু দেখছেন ক্রেতারা। এতে যান চলাচলের গতি ধীর হয়ে পড়ছে। স্থানীয়রা বলছেন, বিকেলের পর পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করে।

ছাগল বিক্রেতা আকবর আলী রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “ঈদের আর মাত্র এক দিন বাকি। আমরা গ্রাম থেকে ছাগল নিয়ে এসেছি বিক্রি করতে। বড় হাটে অনেক ভিড় থাকে, তাই অনেক ক্রেতা সেখানে যেতে চান না। রাস্তার পাশেই মানুষ দেখে কিনে নিচ্ছেন।”

ক্রেতা রাইসুল ইসলাম বলেন, “বাসা থেকে বের হয়ে দেখলাম, এখানেই ছাগল পাওয়া যাচ্ছে। হাটে গেলে সময় লাগে, ভিড়ও বেশি। তাই কাছ থেকেই পশু দেখছি।”

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এভাবে সড়ক ও ফুটপাত দখল করে পশু বিক্রি করায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে, অফিসফেরত মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। পাশাপাশি ছাগলের বর্জ্য ও দুর্গন্ধে পরিবেশও নোংরা হয়ে পড়ছে।

যদিও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত হাটের বাইরে পশু বিক্রি না করার নির্দেশনা দিয়েছে, বাস্তবে তার তেমন প্রয়োগ দেখা যাচ্ছে না। প্রশাসনের নজরদারির অভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠছে এসব অস্থায়ী ছাগলের হাট।