জাতীয়

বৈরী আবহাওয়া, সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ  

বৈরী আবহাওয়ার কারণে দেশের দক্ষিণাঞ্চলগামী নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটি। এতে বরিশাল, বরগুনা, ঝালকাঠি, ভোলা ও চাঁদপুরসহ বিভিন্ন রুটের যাত্রীরা সদরঘাট টার্মিনালে এসে চরম ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টা ১০ মিনিটে সদরঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কন্ট্রোল রুম থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝড়ো হাওয়া ও দমকা বাতাসের কারণে নিরাপত্তার স্বার্থে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হবে।

সদরঘাট টার্মিনালে অপেক্ষমাণ ভোলাগামী যাত্রী মো. রাকিব হোসেন বলেন, “টার্মিনালে এসে দেখি লঞ্চ বন্ধ। এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই।’’

‘‘পরিবারসহ ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। কেবিন বুকিং করেছি আগে। লঞ্চ কখন ছাড়বে জানি না। বৃষ্টিতে আমাদের ভোগান্তি বাড়ল,’’ বলেন বরিশালগামী যাত্রী রাবেয়া আক্তার।

সদরঘাটে অপেক্ষমান যাত্রী

এদিকে বৈরী আবহাওয়ার কারণে নৌপথে যাত্রী আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন লঞ্চ মালিকরা। ডলার শিপিংয়ের ম্যানেজার মোহাম্মদ লাবু বলেন, “পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই দক্ষিণবঙ্গগামী যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আমাদের লঞ্চগুলো লোকসান গুনে শিডিউল অনুযায়ী চলাচল করছে। ঈদ মৌসুমে কিছুটা যাত্রী পাওয়া যায়, তবে এবার আবহাওয়া অনুকূলে না থাকায় যাত্রী আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করছি।”

এ বিষয়ে বিআইডব্লিউটিএর ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম-পরিচালক মো. মোবারক হোসেন বলেন, ‘‘বৈরী আবহাওয়ার কারণে সদরঘাট থেকে সব ধরনের নৌ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি অনুকূলে এলে নৌ চলাচল বন্ধের এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।’’