আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক একটি সামরিক ড্রোন ‘এমকিউ-৯ রিপার’ গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (২৬ মে) আইআরজিসির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এইসঙ্গে যুক্তরাষ্ট্রের একটি আরকিউ-৪ ড্রোন এবং একটি এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করে পরবর্তীতে পিছু হটেছে বলেও দাবি করেছে আইআরজিসি। খবর আনাদোলুর। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ আইআরজিসি-র এই বিবৃতিটি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন যুদ্ধবিমান ও ড্রোনগুলো উপসাগরীয় অঞ্চলে ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছিল।

আইআরজিসি আরো জানায়, ‘আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়ার’ অধিকার তারা সংরক্ষণ করে।

এদিকে আজ মঙ্গলবার সকালে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এক প্রতিবেদনে জানায়, হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপের দক্ষিণে ইরানি জাহাজে যৌথ হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। এই হামলায় বেশ কয়েকজন ইরানি নাগরিক নিহত হয়েছেন।

এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটল, যখন গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা এবং পরবর্তীতে ইরানের পাল্টা হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাত অবসানের লক্ষ্যে পাকিস্তানের নেতৃত্বে মধ্যস্থতার প্রচেষ্টা চলছে।

গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছিলেন।