শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, “সরকারের তদারকিতে অধিকাংশ শিল্পকারখানায় শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে এবং শ্রমিকরা হাসিমুখে বাড়ি ফিরছেন।”
মঙ্গলবার (২৬ মে) সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহে ঈদুল আজহার জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমি নিয়মিত খোঁজখবর রাখছি। কিছু কিছু কারখানার মালিক মে মাসের বেতন না দিলেও ১৫ দিনের অগ্রিম পরিশোধ করে দিয়েছেন। দু-চারটি কারখানা ছাড়া আর কোথাও কোনো সমস্যা নেই।”
তিনি আরো বলেন, “বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ঈদেও শ্রমিকরা হাসিমুখে বাড়ি ফিরেছেন। এবারো সবাই তাদের ন্যায্য পাওনা নিয়েই বাড়িতে যাচ্ছে।”