পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঈদের ছুটিকালীন যে এলাকায় অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করবেন। একই সঙ্গে তারা পরিদর্শন সংক্রান্ত একটি প্রতিবেদন সচিব, বিদ্যুৎ বিভাগ বরাবর প্রেরণ করবেন। এছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ তদারকি করবেন।
তাছাড়া আকস্মিক বিদ্যুৎ-বিভ্রাটজনিত কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে তাৎক্ষণিক গ্রাহক অসন্তোষ কমানোর লক্ষ্যে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে গ্রাহকদের অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও গ্রাহকদের অবহিত করতে বলা হয়েছে।
এ উদ্দেশ্যে স্থানীয় মসজিদের নাম এবং সংশ্লিষ্ট ইমাম/মুয়াজ্জিনদের নাম ও মোবাইল নম্বর বিদ্যুৎ বিভাগে প্রেরণের পাশাপাশি বিতরণকারী সংস্থা/কোম্পানির ওয়েবসাইটে আপলোড করতেও বলা হয়েছে।
ঈদ উপলক্ষে নির্দেশনা অনুযায়ী দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখতে হবে।
বিদ্যুৎ বিভাগ আশা করছে, সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় ঈদকালীন দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে।