কুষ্টিয়ার কুমারখালীতে দশ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওয়াহেদ আলী (৫০) নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে, সোমবার গভীর রাতে উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওয়াহেদ আলী উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত রজব আলী বিশ্বাসের ছেলে। তিনি ওই এলাকার একটি আমবাগানের কেয়ারটেকার।
পুলিশ জানায়, রবিবার সকালে শিশুটি মাঠে ছাগল চড়াতে যায়। এ সময় সে মাঠের পাশের বাগানে আম কুড়াতে গেলে ওয়াহেদ তাকে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিস্তারিত বললে স্থানীয় মাতব্বররা সালিশে মিটমাট করার প্রস্তুতি নেয়। এরপর ঘটনাটি পুলিশের নজরে এলে শিশুটির বাবা কুমারখালী থানায় মামলা করেন।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, “দশ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।”