সারা বাংলা

চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের বিভিন্ন উপজেলার ৪০টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঈদের প্রথম জামাত হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন পীরজাদা আরিফ চৌধুরী সাদ্রাভী। দ্বিতীয় জামাত পরিচালনা করেন আবু ইয়াহিয়া জাকারিয়া মাদানী।

এছাড়া, উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি কচুয়া ও শাহরাস্তিসহ কয়েকটি উপজেলার অনেক গ্রামের বাসিন্দারা ধর্মীয় এ উৎসবে শামিল হয়েছেন।

হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের পিরজাদা আবু ইয়াহিয়া মো. জাকারিয়া আল মাদানি বলেন, “মরহুম মাওলানা ইসহাক ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন। তারপর থেকে সেই ধারায় দেশের বিভিন্ন দরবার শরিফের পীরের অনুসারী এবং সচেতন মুসল্লিরা ঈদ পালন করছেন।”

তিনি বলেন, “সৌদি আবরে বুধবার কোরবানির ঈদ পালন হচ্ছে। বিশ্বের অন্য দেশেও একই দিনে ঈদ হচ্ছে।”