সারা বাংলা

ষাটগম্বুজ মসজিদে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিবারের মতো এবারো এই মসজিদে বাগেরহাটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, পরবর্তীতে আরো দুটি জামাত অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ষাটগম্বুজ মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়, এতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।

এদিকে, দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে মসজিদ প্রাঙ্গনে। ঈদকে ঘিরে ইতোমধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে নেওয়া হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। 

বাগেরহাটের প্রত্নতত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, বাগেরহাট জেলার প্রধান ঈদ জামাত ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। এবারো তিনটি জামাত অনুষ্ঠিত হবে এই মসজিদে। তিন জামাতে মোট ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করবেন। মসজিদের ভেতরে একসাথে দেড় হাজার ও বাইরে ৫ শতাধিক মানুষের নামাজের ব্যবস্থা থাকবে।”

এছাড়া. বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ, আলীয়া মাদরাসা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, হরিণখানা জামে মসজিদ, সরকারি পিসি কলেজ জামে মসজিদ, খানজাহান আলী (রহ) এর মাজার-দরগা জামে মসজিদ, নাগের বাজার হাজী আরিফ জামে মসজিদ, সড়ক ও জনপথ জামে মসজিদ, সরুই মাদরাসা জামে মসজিদসহ জেলা শহর ও উপজেলা সদরের বেশিরভাগ জামে মসজিদে সকাল ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।