উজান থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে, এ থেকে বর্তমানে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তারা নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।
বুধবার (২৭ মে) জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ১২ দশমিক ৯০ মিটার।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, গত পাঁচদিনে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে নদীর পানি মোট ১১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ২৩ থেকে ২৬ মে পর্যন্ত প্রতিদিন যথাক্রমে ২১, ২৮, ২০ ও ২৬ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, কাজিপুর উপজেলার মেঘাই ঘাট পয়েন্টেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৩ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার।
গত পাঁচদিনে এই পয়েন্টে ১১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ২৩ থেকে ২৬ মে পর্যন্ত এ পয়েন্টে যথাক্রমে ২৩, ৩৪, ১৬ ও ২৫ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পেয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোকলেছুর রহমান বলেন, “উজানের ঢল ও বৃষ্টির কারণে টানা পাঁচদিন ধরে যমুনার পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আরো দুই থেকে তিনদিন পানি বাড়তে পারে। এরপর কয়েকদিন পানি স্থিতিশীল থাকতে পারে। বর্তমানে বন্যার কোনো আশঙ্কা নেই।” যমুনা তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।