জাতীয়

দেশবাসীকে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রাণিসম্পদমন্ত্রীর ঈদের শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ নির্বাচনি এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৭ মে) এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুমহান শিক্ষা দেয়। একইসঙ্গে ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।”

তিনি বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা লাভ করে যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সেই আনন্দে সমভাবে অংশ নিতে পারে।”

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি বিত্তশালী ও সামর্থ্যবানদের প্রতি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “নিরাপদ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে প্রশাসন, পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এদিকে, দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের চেতনা আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।”

তি‌নি বলেন, “কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাই নয়, বরং আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এর মূল শিক্ষা নিহিত। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরো সুদৃঢ় করাই হোক আমাদের অঙ্গীকার।”

তিনি দেশবাসীকে স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান।

তিনি বলেন, “দেশীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরো সমৃদ্ধ করা সম্ভব।”