লাইফস্টাইল

সাবিলা নূরের পছন্দ গরুর মাংসের কালাভুনা

ঝাল, মশলাদার স্বাদের কালাভুনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী পদ। গরুর মাংসের রেসিপিটি সারাদেশে বেশ জনপ্রিয়। বিশেষ করে উৎসব বা বিশেষ আয়োজনের খাবারের তালিকায় এটি সহজেই জায়গা করে নেয়। ঈদ আয়োজনে গরুর মাংসের কালাভুনা খেতে পছন্দ করেন অভিনেত্রী সাবিলা নূর। তার পছন্দের এই মজাদার রেসিপিটি জেনে নিন।

উপকরণ গরুর মাংস — ২ কেজি  সরিষার তেল — আধা কাপ  টকদই — ৩ টেবিল চামচ  পেঁয়াজ কুচি — ২ টেবিল চামচ  পেঁয়াজের বেরেস্তা — আধা কাপ  গোল গোল কাটা পেঁয়াজ — আধা কাপ  সয়া সস — ২ চামচ  গোটা মসলা এলাচ — ৪টি  দারচিনি — ২টি  লবঙ্গ — ৪টি  তেজপাতা — ২টি 

বাটা ও গুঁড়া মসলা আদা বাটা — ২ টেবিল চামচ  রসুন বাটা — ২ টেবিল চামচ  পেস্তাবাদাম বাটা — ২ টেবিল চামচ  জিরা বাটা — ১ চামচ  গোলমরিচের গুঁড়া — ১/৪ চামচ  মরিচের গুঁড়া — ১ চামচ  হলুদের গুঁড়া — আধা চামচ  ধনিয়া গুঁড়া — ১ চা চামচ  ভাজা জিরার গুঁড়া — ১ চামচ  গরম মসলার গুঁড়া — আধা চামচ  জায়ফল গুঁড়া — আধা চামচ  কাঁচামরিচ — ৪–৫টি  লবণ — স্বাদমতো  পানি — পরিমাণমতো 

প্রথম ধাপ: মাংস ম্যারিনেট প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিন। এরপর এতে সয়া সস, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা-রসুন বাটা, টকদই, গোলমরিচের গুঁড়া, জায়ফল গুঁড়া ও পেস্তাবাদাম বাটা মিশিয়ে নিন। মসলা ভালোভাবে মাখিয়ে এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

দ্বিতীয় ধাপ: মাংস রান্না একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে গোটা মসলার অর্ধেক দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এবার ম্যারিনেট করা মাংস কড়াইয়ে দিয়ে লবণ ও পরিমাণমতো পানি যোগ করুন। মাঝারি আঁচে প্রায় আধাঘণ্টা রান্না করুন।

তৃতীয় ধাপ: কালাভুনার আসল স্বাদ অন্য একটি কড়াইয়ে আবার কিছু তেল গরম করে বাকি গোটা মসলা দিন। এবার রান্না করা মাংস ঢেলে ভালোভাবে নাড়তে থাকুন। এতে ভাজা জিরার গুঁড়া ও গরম মসলার গুঁড়া ছড়িয়ে দিন।

এরপর কাঁচামরিচ ও গোল করে কাটা পেঁয়াজ দিয়ে ভুনতে থাকুন। মাংস যখন তেল ছেড়ে ভাজা ভাজা হয়ে আসবে, তখন নামিয়ে ওপরে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।

পরিবেশন টিপস: গরম ভাত, পোলাও কিংবা পরোটার সঙ্গে এই কালাভুনা পরিবেশন করতে পারেন।