সারা বাংলা

কালীগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

গাজীপুরের কালীগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটরায় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজ হাসান রানা (২৫) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়াম (২৫) গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন কালীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত (২৯)।

বুধবার (২৭ মে) রাত সোয়া ১০টার দিকে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ আহ্বায়ক মেরাজ হাসান রানা কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালীগাঁও গ্রামের সিদ্দিকের ছেলে। তিনি ডান পায়ে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অপরজনের নাম সিয়াম, তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। আহত সৈকত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালীগাঁও গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সৌয়া ১০টার দিকে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম তুহিন তার অনুসারীদের নিয়ে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা এবং ইজিবাইক চালকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে আসেন। তিনি তাদের ঈদের নতুন জামা দিচ্ছিলেন। খবর পেয়ে পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকতের শ্যালক মেরাজ হাসান রানা তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে যান। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায় বলে জানান স্থানীয়রা।

আহত পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত অভিযোগ করে বলেন, “তুহিন গ্রুপের লোকজনই গুলি ছোড়ে। তিনি দাবি করেন, ইতালি থেকে দেশে ফেরার পরদিনই তুহিন এ ঘটনার সূত্রপাত ঘটান।”

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জামালপুর এলাকায় ইমরান হোসেন সৈকতকে তুহিনের ভাতিজা লাঞ্ছিত করেন। ওই ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাবেয়া নার্গিস জাহান বলেন, “পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে  ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, “ঘটনাস্থলে তল্লাশি চালিয়েও এখন পর্যন্ত কোনো আলামত পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।”