চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘মেঘনা ট্রেডার্স’ নামে একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। কোস্ট গার্ড, বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনীর একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড। বাহিনীটির মিডিয়া বিভাগ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, ঘটনার পরপরই কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণ জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি ‘বিসিজি বেইস চট্টগ্রাম’, ‘বিসিজি আউটপোস্ট পতেঙ্গা’ এবং হাই স্পিড বোট উদ্ধার অভিযানে অংশ নেয়। পরবর্তীতে নৌবাহিনীর একাধিক ফায়ার ফাইটিং জাহাজও আগুন নেভানোর কাজে যোগ দেয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ টিমও ঘটনাস্থলে কাজ করছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, জাহাজটি অত্যন্ত উত্তপ্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।