নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল ব্যাংকিংয়ে টাকা উত্তোলন নিয়ে পিকআপ ভ্যানেরচালক ও হেলপারের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় গাড়ির হেলপার ইমন হাসান (১৮) মারা গেছেন।
বুধবার (২৭ মে) রাত ৯টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ইমন হাসান সিদ্ধিরগঞ্জ থানার ইসদাইর এলাকার দুলাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, পিকআপ ভ্যানেরচালকের মোবাইল ব্যাংকির অ্যাকাউন্ট থেকে ৮ হাজার ৫০০ টাকা উত্তোলনকে কেন্দ্র করে চালক ও হেলপার ইমনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তা মারামারিতে রুপ নেয়। এতে গুরুতর আহত হন ইমন হাসান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এখলাস উদ্দিন নামে একজনকে আটক করেছে।
তালতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, টাকা উত্তোলনকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে সংঘর্ষে ইমন হাসান নিহত হন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।