সারা বাংলা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, আহত ৩

কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার গড়াই নদীর ওপর নির্মিত যদুবয়রা সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- যদুবয়রা ইউনিয়নের লালনবাজার এলাকার রবিন শেখ (১৮), ফরহাদ হোসেন (১৮) ও টুটুল হোসেন (২০)। তারা এ বছর যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উপলক্ষে ঘুরতে বের হয়েছিলেন তিনজন। একটি মোটরসাইকেলে তারাযদুবয়রা সেতু থেকে জয়বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা লাগে। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।