সারা বাংলা

যমুনা সেতুতে ৯৬ ঘণ্টায় ১৪ কোটি টাকা টোল আদায়

ঈদ যাত্রায় ৯৬ ঘণ্টায় (চারদিন) যমুনা সেতু দিয়ে ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন পারাপার হয়েছে। গত ২৪ মে থেকে ২৭ মে রাত রাত ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন সেতু পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। 

শুক্রবার (২৯ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রার প্রথম দিন ২৪ মে সেতু দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২২ হাজার ১১২টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ১৭ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা।

২৫ মে সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬ টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ২১ হাজার ৬০ টি যানবাহন পারাপার হয়। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

২৬ মে ৫৬ হাজার ২৩৯ টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩৬ হাজার ৪২৬টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ২১ লাখ ৪ হাজার ২০০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ১৯ হাজার ৮১৩টি যানবাহন পারাপার হয়। এর বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৬১ লাখ ৯২ হাজার ৮৫০ টাকা।

ঈদের আগের দিন ২৭ মে সেতু দিয়ে ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন পারাপার হয়। উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৯০৭টি যানবাহন থেকে টোল আদায় হয় ২ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা। ঢাকাগামী ১২ হাজার ৯৮২টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১১ লাখ ৬ হাজার ৯০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হয়। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হয়। ফিরতি পথেও আমাদের একই প্রস্ততি থাকবে।”