পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবার বাঘ, সিংহ, জিরাফ কিংবা হাতির চেয়ে দর্শনার্থীদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণের প্রাণীতে পরিণত হয়েছে ভাইরাল মহিষ ‘ড্রোনাল্ড ট্রাম্প’।
শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ চিড়িয়াখানায় ভিড় করেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চিড়িয়াখানার ‘এল-০৭’ নম্বর খাঁচার সামনে দর্শনার্থীদের অনেক ভিড়। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের চোখ আলোচিত এই মহিষের দিকে।
খাঁচার সামনে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটির পরিচিতি টাঙিয়ে দিয়েছে। সেখানে লেখা রয়েছে ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ইংরেজিতে উল্লেখ করা হয়েছে ‘Albino Buffalo’।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মহিষটি চিড়িয়াখানায় আনা হয়। সকাল থেকেই দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে মহিষটির প্রতি।
তিনি বলেন, “গাড়ি থেকে নামানোর সময় মহিষটির গায়ে সামান্য আঁচড় লেগেছিল। দ্রুত চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এখন সেটি ভালো আছে।”
দর্শনার্থীদের ভিড়ের মধ্যে অনেকে মহিষটির সঙ্গে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত সময় কাটান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার কারণে প্রাণীটিকে ঘিরে মানুষের কৌতূহল বেড়েছে।
দর্শনার্থী সুমাইয়া আক্তার বলেন, “অনলাইনে মহিষটির কথা শুনেছিলাম। আজ সরাসরি দেখে খুব ভালো লাগছে। বাচ্চারাও অনেক আনন্দ করছে।”
আরেক দর্শনার্থী রাকিব হাসান রাইজিংবিডি ডটকমকে বলেন, “চিড়িয়াখানায় অনেক প্রাণী আছে। তবে, এই মহিষটির সামনেই সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে। সবাই ছবি তুলছে।”
মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে পালন করা হচ্ছিল। মহিষটির মাথায় ঢেউখেলানো গোলাপি চুল দেখে মার্কিন প্রেসিডেন্টে নাম অনুসারে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
মে মাসজুড়ে মহিষটিকে দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করেন ওই খামারে। দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট, রয়টার্স ও এএফপিতেও মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয় এর ভিডিও।
পরবর্তীতে জিয়াউদ্দিন মহিষটি বিক্রি করেন কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা মনিরুজ্জামানের কাছে। ঈদ উপলক্ষে গত সোমবার মহিষটিকে নারায়ণগঞ্জ থেকে কেরানীগঞ্জে নেওয়া হয়। সে সময় রাজকীয় আয়োজনে লালগালিচা বিছিয়ে মহিষটিকে বিদায় জানানো হয়।
ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে এসে জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটিকে কেন্দ্র করে দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে টিকিট কাউন্টারের সংখ্যাও।
চিড়িয়াখানার বিভিন্ন অংশ ঘুরে দেখা যায়, বাঘ, সিংহ, জিরাফ, হাতি ও বানরের খাঁচাগুলোতেও ছিল দর্শনার্থীদের ভিড়। তবে, সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ভাইরাল মহিষ ‘ড্রোনাল্ড ট্রাম্প’।