বিনোদন

অনীক দত্তের শেষকৃত্য সম্পন্ন করলেন মেয়ে ঐশী

কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হলো ভারতীয় পরিচালক অনীক দত্তের শেষকৃত্য। সমস্ত নিয়ম মেনে বাবার শেষকৃত্যের কাজ সম্পন্ন করেন মেয়ে ঐশী দত্ত। এসময় উপস্থিত ছিলেন পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তও। পরিবারের পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক রুদ্রনীল ঘোষসহ চলচ্চিত্র জগতের বহু পরিচিত মুখ। উপস্থিত ছিলেন সৌরভ দাস, লগ্নজিতা চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়সহ আরও অনেকে।

পিস ওয়ার্ল্ড থেকে মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় নন্দনে, যেখানে অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানান প্রিয় নির্মাতাকে। এরপর মরদেহ পৌঁছায় এনটি-ওয়ান স্টুডিওতে—যে জায়গার সঙ্গে জড়িয়ে ছিল তার কর্মজীবনের শুরুর অসংখ্য স্মৃতি। সবশেষে কেওড়াতলায় সম্পন্ন হয় শেষকৃত্য। থেমে যায় এক সৃষ্টিশীল জীবনের দীর্ঘ পথচলা।

অনীক দত্ত শুধু একজন পরিচালকই ছিলেন না, তিনি ছিলেন এক স্বতন্ত্র ঘরানার গল্পকার। বাংলা সিনেমায় ব্যঙ্গ, রসবোধ, সামাজিক পর্যবেক্ষণ এবং বুদ্ধিদীপ্ত নির্মাণশৈলীকে তিনি এমনভাবে তুলে ধরেছিলেন, যা তাঁকে অন্যদের থেকে আলাদা পরিচিতি এনে দেয়। তার সিনেমার চরিত্রগুলো ছিল জীবন্ত, সংলাপ ছিল তীক্ষ্ণ, আর গল্পে থাকত সমাজকে নতুন চোখে দেখার আহ্বান।

অনীক দত্তের প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগৎ হারাল এক স্বতন্ত্র চিন্তাধারার শিল্পীকে। শেষ হলো তাঁর জীবনের সফর, কিন্তু তার নির্মিত সিনেমা, সংলাপ আর দৃষ্টিভঙ্গি আজীবন বেঁচে থাকবে বাংলা সিনেমাপ্রেমীদের হৃদয়ে।

উল্লেখ্য,  দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকার বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যুর পর ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। বুধবার দুপুরে গুরুতর আহত অবস্থায় অনীক দত্তকে উদ্ধার করে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

সূত্র: এই সময়, আনন্দবাজার