খেলাধুলা

মেসির আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন ব্রাজিলের ভিনিসিয়াস

বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের উপস্থিতি শুধু একটি দলকে নয়, পুরো খেলাটাকেই অন্য উচ্চতায় নিয়ে যায়। লিওনেল মেসি সেই বিরল মহাতারকাদের একজন, যাকে ঘিরে দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে বিস্ময়, আবেগ আর অসংখ্য স্মরণীয় মুহূর্ত। 

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর অনেকেই ভেবেছিলেন আন্তর্জাতিক মঞ্চে হয়তো শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে মেসি এখন অপেক্ষায় নিজের ক্যারিয়ারের ষষ্ঠ ফুটবল বিশ্বকাপ খেলার, যা নিজেই একটি অবিশ্বাস্য ইতিহাস।

মেসির প্রতি মুগ্ধতা শুধু আর্জেন্টিনা কিংবা তার ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ নয়; প্রতিপক্ষ দেশ ও তারকা ফুটবলাররাও অকপটে স্বীকার করেন তার শ্রেষ্ঠত্ব। ব্রাজিলের উদীয়মান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রও সেই তালিকায় নতুন সংযোজন। 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভিনিসিয়াস জানিয়েছেন, তার চোখে মেসিই বিশ্বের সেরা ফুটবলার। শুধু তাই নয়, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই তিনি ২০২৬ বিশ্বকাপের অন্যতম প্রধান ফেভারিট হিসেবে দেখছেন।

ভিনিসিয়াস বলেছেন, ‘‘আমি ফেভারিটের তালিকায় আর্জেন্টিনাকেও রাখব। কারণ তারা শেষবারের চ্যাম্পিয়ন, তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে এবং সবচেয়ে বড় কথা, তাদের দলে মেসি আছে।’’

মেসিকে নিয়ে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের মূল্যায়ন, ‘‘সে সবসময়ই মাঠে নতুন কিছু নিয়ে আসে। সে আসলে কখন কী করে বসবে, তা আপনি কখনোই আগে থেকে কল্পনাও করতে পারবেন না।’’

তবে ভিনিসিয়াস ক্রিস্টিয়ানো রোনালদোকেও পেছনে রাখছেন না, ‘‘পর্তুগাল ফেভারিটদের মধ্যে থাকবে কি না? থাকবে, কারণ তাদের আছে ক্রিস্তিয়ানো এবং এটা সবসময়ই বড় ব্যাপার। এছাড়াও তাদের আছে ভিতিনিয়া ও জোয়াও নেভেস, যারা বর্তমান প্রজন্মের সেরাদের মধ্যে রাখতে হবে যাদেরকে। এছাড়াও নুনো আছে, লেয়াও ও ফেলিক্সও, তাদের সঙ্গে আমার সম্পর্ক দারুণ।”

২০২৬ বিশ্বকাপে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশন শুরু করবে ব্রাজিল। গ্রুপ ‘সি’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি (১৯ জুন) ও স্কটল্যান্ড (২৪ জুন)।