সারা বাংলা

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী-ননদ

পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ এবং ননদ সান্ত্বনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চাঁদ আলী খাঁ উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে। এর আগে, গত রবিবার সকাল ৮টার দিকে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, “বিয়ের পর থেকে আমার স্বামী ও ননদ যৌতুক হিসেবে দেড় লাখ টাকা দাবি করেন। আমার বাবা অনেক কষ্টে সেই টাকা দিলে তারা কিছুদিন চুপ ছিলেন। সম্প্রতি তারা আবার টাকা দাবি করলে আমার বাবা দিতে পারবে না জানিয়ে দেয়। এর জেরে তারা প্রায়ই আমাকে মারধর করত। এর জেরে রবিবার স্বামী ও ননদ মিলে চুল কাটার মেশিন দিয়ে চুল কেটে দেয়।”

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই মামলা হয়েছে। পরে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”