রাজনীতি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে জিয়া উদ্যানে মানুষের ঢল

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে।

শনিবার (৩০ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। তাদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে দলীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল এবং বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নির্ধারিত ব্যানার নিয়ে সড়কের দুই ধারে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সতর্ক অবস্থানে দেখা গেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আজও দেশের মানুষের হৃদয়ে বেঁচে আছে। শাহাদাতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছি।”

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার রাইজিংবিডি ডটকমকে বলেন, “আজকের জিয়া উদ্যানে মানুষের ঢল প্রমাণ করে জিয়াউর রহমানের প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব।”