খেলাধুলা

জিকোকে নিয়ে সান মারিনো যাবেন ডুলি

সান মারিনোর বিপক্ষে আসন্ন ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ থমাস ডুলি তার প্রথম আন্তর্জাতিক দায়িত্বে অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর ভরসা রেখেছেন। দলে লম্বা সময় পর ফিরেছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

আগামী ৫ জুন ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সান মারিনো। প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চার দিনের অনুশীলন শেষে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড তৈরি করেছেন ৬৫ বছর বয়সী এই কোচ।

২০২৩ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবার মাঠে নেমেছিলেন জিকো। ১৯ মাস পর তার আবার সুযোগ হলো দেশকে প্রতিনিধিত্ব করার।  যদিও ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত আরও চারটি আন্তর্জাতিক ম্যাচে তিনি দলের সঙ্গে ছিলেন, তবে মাঠে নামার সুযোগ পাননি।

কিংস অ্যারেনায় অনুশীলন ক্যাম্প থেকে বাদ পড়েছেন রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, মন্জুরুল রহমান, ইব্রাহিম, মিরাজুল ইসলাম ও মিনহাজুল করিম স্বাধীন।

বাংলাদেশের চূড়ান্ত দল

গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, আনিসুর রহমান জিকো। ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, জায়ান আহমেদ, মো. তাজ উদ্দিন, মো. ইশা ফয়সাল। মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী শাহ। ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, মো. শাহরিয়ার ইমন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মো. রফিকুল ইসলাম।