ম্যাচের ভাগ্য ততক্ষণে লেখা হয়ে গেছে। রাজস্থানের হার কেবল সময়ের অপেক্ষা। গুরজাট টাইটান্স আরেকটি আইপিএল-এর ফাইনালের মঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সব আলো যেন খুঁজে বেড়াচ্ছে একটি মুখ, বৈভয় সূর্যবংশীকে।
১৫ বছরের বিস্ময় বালক আইপিএল-এর শুরু থেকে ফাইনালের আগ পর্যন্ত যা করলেন, যা করে দেখালেন, বোলারদের যেভাবে নাকানিচুবানি খাওয়ালেন তা ইতিহাসের অক্ষয় কালিতে লেখা হয়ে গেল। ১৬ ইনিংসে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে আসরের সর্বোচ্চ ৭৭৬ রান করেছেন। আইপিএল-এর এক আসরে আগের সর্বোচ্চ ক্রিস গেইলের ৫৯ ছক্কার রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়েছেন সূর্যবংশী। তার ছক্কার সংখ্যা ৭২টি।
আইপিএল-এ দ্রুততম হাজার রানের মালিক হয়েছেন সূর্যবংশী। তার হাজার রান পেতে বল লেগেছে ৪৪০টি। ৫৪৫ বলে হাজার ছুঁয়ে এতদিন রেকর্ডটি ছিল ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের। আরো অনেক রেকর্ড সঙ্গী করেছেন তিনি। কিন্তু ফাইনালে উঠতে না পারার কষ্ট, যন্ত্রণা কিছুই যেন মানছিল না ১৫ বছরের বালকের। তাইতো ডাগআউটে গিয়ে বারবার মুখ লুকাতে দেখা গেল তাকে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল জল। এতো সাফল্যর পরও সূর্যবংশীর হাতে শিরোপা না থাকাটাই যেন নিষ্ঠুরতম মুহূর্তের একটি।
আইপিএল-এ এবার চারটি সেঞ্চুরি হতে পারত তার! অথচ নামের পাশে মাত্র এক সেঞ্চুরি। তিনটিতেই আউট নাইন্টিজে। দ্বিতীয় কোয়ালিফায়ারে ৯৬ রানের আগে ৯৭ এবং ৯৩ রানে আউট হন। আইপিএল-এ এবার দ্বিতীয়বার অংশ নেন সূর্যবংশী। গত বছর প্রথম আসরে রাজস্থানের হয়েই ৭ ইনিংসে একটি সেঞ্চুরিসহ ২৫২ রান করেন ২০৬.৫৫ স্ট্রাইক রেটে। মাত্র ১ কোটি ১০ লাখ রুপিতে সূর্যবংশীকে পেয়ে যায় রাজস্থান।
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন রিশাভ পান্ত। ২৭ কোটি রুপিতে তিনি খেলছেন লাক্ষ্নৌ সুপার জায়ান্টসে। তবে ভারতের সাবেক ওপেনার বীরন্দর শেবাগ মনে করেন, আগামী বছর সূর্যবংশীর পারিশ্রমিক অন্তত ৩০ কোটি রুপি হওয়া উচিত।
এদিকে তার জাতীয় দলে ডাক পাওয়ার বিষয়ে নানা কথা হচ্ছে। সুনীল গাভাস্কার তাকে এখনই জাতীয় দলে দেখতে চান। রাজস্থানের কোচ কুমার সাঙ্গাকারারও একই কথা বললেন, “মাঠে না নামা পর্যন্ত কেউ জানে না, সে কতটা তৈরি। তবে বিশ্বের সেরা কিছু বোলারের বিপক্ষে বৈভাব যা করে দেখিয়েছে, তাতে আমার মনে হয়, আপনারা ওর সামনে যে কোনো চ্যালেঞ্জই ছুড়ে দিন না কেন, তা গ্রহণ করার জন্য ও পুরোপুরি প্রস্তুত। আমি নিশ্চিত যে ও খুব শিগগিরই দলে ডাক পাবে।”
সূর্যবংশীর শেষটা হয়েছে কষ্টের। ম্যাচ হারের পর তার কান্না টেলিভিশনের পর্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখানোর পরপর ভাইরাল হয়েছে। সূর্যবংশীর নামটা ক্রিকেট বিশ্ব মনে রাখবে নিশ্চিতভাবেই। তবে তার এই কান্না হৃদয় ছুঁয়ে গেছে লাখো ক্রিকেটপ্রেমীর মন।