মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত লাশের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) ভোরে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের পুরান বাউশিয়া এলাকার ঢাকাগামী লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা সড়কের ওপর অজ্ঞাতপরিচয় নারীর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ভবেরচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কামাল আখন্দ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী গাড়ি ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। পরে দীর্ঘ সময় মরদেহটি সড়কে পড়ে থাকায় তার ওপর দিয়ে আরো কয়েকটি গাড়ি চলাচল করে, ফলে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।”
তিনি আরো বলেন, “নিহতের পরিচয় শনাক্ত, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত গাড়ি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”