সারা বাংলা

রাত্রিযাপনে হোটেলে উঠে মালিকের ধর্ষণের শিকার গৃহবধূ

কুড়িগ্রামের চিলমারীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কবির মিয়া (৪৪) নামে এক আবাসিক হোটেল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে কবির মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জেলার উলিপুর উপজেলার ঘুঘুমারীরচর এলাকার ওই দম্পতি খালার বাড়ি সৈয়দপুর থেকে নিজ বাড়িতে ফেরার পথে বৃহস্পতিবার রাতে রমনা ফেরিঘাটে পৌঁছান। ঘাটে পৌঁছাতে দেরি হওয়ায় নৌকা না পেয়ে তারা রাত্রিযাপনের জন্য রমনা ঘাট এলাকার ‘হোটেল কলি’ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। হোটেলে ওঠার পর ওই নারীর স্বামী তার স্ত্রী ও আট মাস বয়সী সন্তানকে কক্ষে রেখে খাবার কিনতে থানাহাট বাজারে যান। পরে খাবার নিয়ে ফিরে এলে তার স্ত্রী কান্নাকাটি করে জানান, হোটেলের মালিক কবির মিয়া শিশু সন্তানের সামনেই তাকে ধর্ষণ করেছেন।

এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ করেন ভুক্তভোগীর স্বামী।

শুক্রবার দুপুরে ভুক্তভোগীর স্বামী স্থানীয় ইউপি সদস্য মো. রুকুনুজ্জামান স্বপনের সঙ্গে যোগাযোগ করেন। পরে ৯৯৯ নম্বরে কল করেন তিনি। সন্ধ্যায় চিলমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারী, তার স্বামী ও শিশু সন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলা করেন। পরে রাতেই উপজেলার সরকারপাড়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার বলেন, “আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”