আগের ৬ মুখোমুখিতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি স্কটল্যান্ড। সপ্তম মুখোমুখিতে বাংলাদেশকে পাত্তাই দিল না স্কটিশরা। ঘরের মাঠ এডিনবরাহতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ দারুণভাবে শুরু করল স্কটল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়ে প্রস্তুতি সারছে বাংলাদেশ। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে শুরুটাই হলো চরম বাজেভাবে। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫ উইকেটে মাত্র ১৩৩ রান করে। জবাব দিতে নেমে স্কটল্যান্ড মাত্র ২ উইকেট হারিয়ে ২৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছার পর হাল ছেড়ে দেন। দিলারা আক্তার ১১, জুয়াইরিয়া ফেরদৌস ১২ ও শারমীন আক্তার ১০ রান করেন। দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩৯ বলে ৪৬ রান করেন। ৫ চার ও ১ ছক্কা ছিল তার ইনিংসে। এছাড়া সোবহানা মোস্তারি ২২ বলে ২২ রান করেন।
শেষদিকে স্বর্ণা আক্তারের ১৫ বলে ১টি করে চার ও ছক্কায় ২২ রানের ইনিংসে বাংলাদেশ বলার মতো পুঁজি পায়। চতুর্থ উইকেটে জ্যোতি ও সোবহানা ৪২ এবং পঞ্চম উইকেটে সোবহানা ও স্বর্ণা ৩৩ রানের জুটি গড়ে বাংলাদেশের মান রক্ষা করেন। বল হাতে স্কটল্যান্ডের হয়ে ক্যাথরিন, গ্যাবরিয়েলা, ক্রিস্টি ও আবতাহা ১টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৩৩ রান পায় স্কটল্যান্ড। পঞ্চম ওভারে এই জুটি ভাঙেন রিতু মনি। মিডিয়াম পেসার রিতু ২৩ রান করা ডার্সি কার্টারকে আউট করেন। দ্বিতীয় উইকেটে বাংলাদেশের থেকে ম্যাচ ছিনিয়ে নেন অধিনায়ক ক্যাথরিন ব্রুস ও ক্যাথরেন ফ্রেসার। অধিনায়ক ব্রুস ৫৪ রানে অপরাজিত থাকেন। ফ্রেসার আউট হন ২৮ রানে। দুজন ৪৭ রান যোগ করেন।
স্বর্ণা আক্তার ফ্রেসারকে ফেরালেও স্কটল্যান্ডের জয় পেতে সমস্যা হয়নি। অধিনায়ক ব্রুসের সঙ্গে সারা ব্রেস ২৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ৩২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেন ব্রুস। দ্যুতিময় এই ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।
নেদারল্যান্ডসকে হারানোর পর বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে স্কটল্যান্ড। আগামীকাল বাংলাদেশের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে।