বিনোদন

ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ধনী পাঁচ তারকা

ভারতীয় সিনেমার কিছু সুপারস্টার রয়েছেন, যারা খুব নীরবে নিজেদের পূর্ণাঙ্গ ব্যবসায়ীতে রূপান্তর করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান, ক্রিকেট দল, রিয়েল এস্টেট, ব্র্যান্ড এবং বৈশ্বিক ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে তারা নতুন পরিচয় গড়েছেন। বলিউডের কিংবদন্তি থেকে দক্ষিণী সিনেমার মেগাস্টার—এখন শুধু বিনোদন জগতের মানুষ নন, বরং হাজার হাজার কোটি রুপির ব্যবসায়ী তারা।

সর্বশেষ শীর্ষ ধনীদের তালিকা ও শিল্পখাতের বিভিন্ন প্রতিবেদন ঘেঁটে দেখা গেছে, ভারতীয় সিনেমার ইতিহাসে সম্পদের দিক থেকে কোন তারকা শীর্ষে রয়েছেন। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ধনী পাঁচ তারকাকে নিয়ে এই প্রতিবেদন—

শাহরুখ খান

এ তালিকায় শীর্ষে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৫ সালের হুরুনের তালিকা অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। ফলে বিলিয়নিয়ারের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। তার সম্পদের উৎস শুধু সিনেমা নয়; বরং প্রযোজনা সংস্থা, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এবং বিভিন্ন ব্র্যান্ড ও বিনিয়োগ। ২০২৬ সালে হুরুন গ্লোবাল রিচ লিস্ট প্রকাশ করে। এ তালিকায় শাহরুখের সম্পদ ১.৩ বিলিয়ন মার্কিন ডলার উল্লেখ করা হয়েছে; যা তাকে ভারতের অন্যতম সফল তারকা ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

জুহি চাওলা

শাহরুখ খানের পরেই রয়েছেন তার বন্ধু, অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার। তার সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি রুপি। মজার বিষয় হলো, জুহি চাওলা এখন নিয়মিত সিনেমায় অভিনয় না করলেও ব্যবসায়ীক সাফল্য তাকে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীদের একজন বানিয়েছে। শাহরুখ খানের সঙ্গে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহ-মালিক জুহি ও তার স্বামী জয় মেহতা। শাহরুখ খানের সঙ্গে ‘রেড চিলিস গ্রুপ’ প্রতিষ্ঠা করেন জুহি। সৌরাষ্ট্র সিমেন্ট লিমিটেডের ০.০৭ শতাংশের শেয়ার হোল্ডার জুহি। মুম্বাইতে ইতালিয়ান এবং লেবানিজ খাবারের দুটো রেস্তোরাঁও রয়েছে জুহির। 

নাগার্জুন আক্কিনেনি

এ তালিকার তিন নম্বরে রয়েছেন তেলুগু সিনেমার সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি। বরেণ্য এই অভিনেতার সম্পদের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি রুপি। কেবল সিনেমা নয়, বিভিন্ন খাতে তার বিনিয়োগ রয়েছে। যেমন—বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে নাগার্জুনার। স্টারের কাছে বিক্রি করার আগে তেলেগু মা টিভির মালিক ছিলেন নাগার্জুনা। পৈত্রিক সূত্রে প্রাপ্ত অন্নপূর্ণা স্টুডিওস দেখাশোনা করছেন তিনি। হায়দরাবাদের হাই-টেকে একটি কনভেশন সেন্টার রয়েছে।  তাছাড়া ভারতের রাজধানীতে রয়েছে অন্নপূর্ণা ইন্টারন্যাশনাল স্কুল অব ফিল্ম অ্যান্ড মিডিয়া। 

এছাড়া হায়দরাবাদে একাধিক সম্পত্তি রয়েছে। তার একটির মূল্য ৪২ কোটি রুপি। জুবলি হিলসে বাড়িটির মূল্য ৫০ কোটি রুপি। অন্নপূর্ণা স্টুডিওস ৭ একর জমির ওপরে প্রতিষ্ঠিত, যার মূল্য ২০০ কোটি রুপি।

হৃতিক রোশান

নাগার্জুনার পরের স্থানে রয়েছেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশান। তার মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ১০০ কোটি রুপি। চলচ্চিত্র, বিজ্ঞাপন ছাড়াও তার আয়ের একাধিক উৎস রয়েছে। তার ফিটনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড এইচআরএক্স অর্থনৈতিক সাম্রাজ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সালমান খান

শীর্ষ পাঁচের শেষ নামটি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের দখলে। তার মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৯০০ কোটি রুপি। কেবল সিনেমা-বিজ্ঞাপন থেকেই এই অর্থ আয় করেননি সালমান, বরং বিতর্কিত টিভি শো বিগ বস থেকেও মোটা অঙ্কের অর্থ আয় করে থাকেন তিনি। 

*সিয়াসাত ডটকম অবলম্বনে