দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) বিকেলে দিনাজপুর-রংপুর মহাসড়কের দশমাইল হাইওয়ে থানার সামনে গারোডাঙ্গী ব্রিজের পূর্ব পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাণীরবন্দর এলাকার আশরাফুল খালেদ সাগরের ছেলে জাবির খালেদ (১৮) এবং তার বন্ধু বৈকুণ্ঠপুর গ্রামের শাহাপাড়ার দুলাল হোসেনের ছেলে রিয়াদ (১৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জাবির ও রিয়াদ মোটরসাইকেলযোগে সৈয়দপুর থেকে রাণীরবন্দরের উদ্দেশ্যে ফিরছিলেন। পথে গারোডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সৈয়দপুরগামী একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাদের রংপুরে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নির্মলচন্দ্র মোহন্ত জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, দুই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।