আন্তর্জাতিক

লেবাননের বিউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলি বাহিনীর

দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখল করার দাবি করেছে ইসরায়েলি সামারিক বাহিনী (আইডিএফ)। ২০০৬ সালের পর এই প্রথম দক্ষিণ লেবাননের লিটানি নদী পার হওয়ার পর এই ঐতিহাসিক স্থাপনাটি নিয়ন্ত্রণে নেয় তারা।

রয়টার্স ও এপির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘কান’ দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের কাছাকাছি একটি উঁচু পাহাড়ে অবস্থিত এই ক্রুসেডার দুর্গের ওপর ইসরায়েলি পতাকা ওড়ার ছবি প্রকাশ করার পর বিষয়টি সামনে আসে। এটিকে লেবাননের অভ্যন্তরে ইসরায়েলের সবচেয়ে বড় অনুপ্রবেশ হিসেবে দেখা হচ্ছে। 

কান জানিয়েছে, ২০০৬ সালের পর এই প্রথম ইসরায়েলি সামরিক বাহিনী লিটানি নদী অতিক্রম করে আরো সামনে অগ্রসর হয়েছে এবং তারা গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়াহ-কে ঘিরে ফেলার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে। লেবানবাসীর কাছে নাবাতিয়াহ শহরটি প্রতিরোধের একটি প্রতীক হিসেবে বিবেচিত।

আল-জাজিরা প্রতিবেদন বলছে, সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরবর্তী বিউফোর্ট দুর্গটি দখলের খবরটি নিশ্চিত হলে, তা গত ২ মার্চ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি বড় কৌশলগত অগ্রগতি হিসেবে গণ্য হবে। তবে এই বিষয়ে লেবানন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক টেলিগ্রাম বার্তায় বিউফোর্ট দুর্গ দখলকে একটি বড় ‘কৌশলগত’ জয় হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশনা এবং তার নিজস্ব তত্ত্বাবধানে গোলানি ব্রিগেডের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

কাটজ বলেন, “আমাদের বাহিনী লিটানি নদী অতিক্রম করে বিউফোর্ট দুর্গ দখল করেছে- যা গালিলি অঞ্চলের বাসিন্দাদের রক্ষা এবং আমাদের বাহিনীর নিরাপত্তা বজায় রাখার জন্য অন্যতম প্রধান কৌশলগত পয়েন্ট।” তিনি আরো বলেন, হিজবুল্লাহকে সম্পূর্ণ দুর্বল না করা পর্যন্ত উত্তর সীমান্তে এই লড়াই চলবে।

এদিকে বিউফোর্ট দুর্গ দখলকে স্বাগত জানিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন ইসরায়েলের অতি-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি একে ২০ বছর আগে লেবানন থেকে সেনা প্রত্যাহারের মতো পুরোনো ‘জাতীয় পাপ এবং বিকৃত চিন্তাভাবনা’ সংশোধনের একটি বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।

২০০৬ সালের ৩৪ দিনের লেবানন যুদ্ধের পর ইসরায়েলের পিছু হটাকে ‘বিপর্যয় আখ্যা দিয়ে স্মোট্রিচ বলেন, “এর ফলেই হিজবুল্লাহ আজ দানবীয় রূপ ধারণ করেছে, যা এখন ইসরায়েলকে কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্মূল করতে হচ্ছে।”

ইসরায়েলের ‘বামপন্থি’ ও যুদ্ধবিরতির পক্ষে থাকা গোষ্ঠীর কড়া সমালোচনা করে তিনি বলেন, “আমি স্থায়ী আঞ্চলিক দখলদারিত্ব এবং কঠোর সামরিক আগ্রাসনের নীতি বজায় রাখব।”

তিনি আরো বলেন, “হিজবুল্লাহর প্রতিটি বিস্ফোরক ড্রোনের জবাবে বৈরুতের ১০টি ভবন ধসিয়ে দিতে হবে। ইসরায়েলকে এবার যুদ্ধের সমীকরণ বদলে দিতে হবে।”

বিউফোর্ট দুর্গটি একটি ইউনেস্কো-সুরক্ষিত আন্তর্জাতিক ঐতিহ্যবাহী স্থান। এর আগে ১৯৮২ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা ১৮ বছর এই দুর্গটি দখল করে রেখেছিল ইসরায়েল। ২০০০ সালে আন্তর্জাতিক চাপের মুখে তারা লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। আজ রবিবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গটি পুনরায় দখলের দাবি করল ইসরায়েলি বাহিনী। 

আল-জাজিরার লেবানন সংবাদদাতা ওবায়দা হিতোর তথ্যানুযায়ী, ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের বিমান হামলা জোরদার করছে এবং নাবাতিয়াহ শহরে সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি হিসেবে এটিকে চারপাশ থেকে ঘিরে ফেলছে।

হিতো বলেন, “মনে হচ্ছে ইসরায়েল নাবাতিয়াহ-কে অবরুদ্ধ করার জন্য এই শেষ ধাক্কাটি দেওয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা হিজবুল্লাহর দ্বিতীয় ও তৃতীয় প্রতিরক্ষা ব্যূহ ভেঙে ফেলছে এবং দেশের দক্ষিণ অংশ থেকে পশ্চিম বেকা উপত্যকাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে।”