ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঢাকার প্রবেশদ্বার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকামুখী কর্মজীবী মানুষের ভিড় ও চাপ ক্রমান্বয়ে বাড়ছে।
রবিবার (৩১ মে) সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, ট্রেন থেকে নামা মানুষের উপচে পড়া ভিড়। প্রতিটি ট্রেন যাত্রী বোঝাই করে স্টেশনে এসে পৌঁছাচ্ছে।
উত্তরবঙ্গ, চট্রগ্রাম এবং সিলেট অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্বে চলা ট্রেনগুলোতে তিল ধারণের ঠাঁই ছিল না। কর্মজীবী মানুষের পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে অনেককে ফিরতে দেখা গেছে।
ঢাকায় ফেরা মো. হাসানুজ্জামান জানান, ছুটি শেষ হওয়ায় অফিস ও কর্মস্থলের তাগিদে একটু আগেভাগে ঢাকায় ফিরতে হয়েছে। তবে ট্রেনগুলোতে অতিরিক্ত ভিড়ের কারণে নারী ও শিশুদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।
স্টেশন ম্যানেজার মো. কবির উদ্দিন মোল্লা বলেন, যাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও নিরাপত্তা বাহিনী (আরএনবি) সতর্ক অবস্থানে রয়েছে।
আগামী দু’তিন দিন ঢাকামুখী মানুষের চাপ আরও বাড়তে পারে বলে জানান তিনি।