আন্তর্জাতিক

ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের কাছ থেকে এই নিশ্চয়তা আদায় করেছেন যে, দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। রবিবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সম্মত হয়েছিল। এর আওতায় গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার কথা ছিল।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প ইরানের বিবেচনার জন্য ‘আরো কঠোর’ শর্তসহ একটি নতুন রূপরেখা ফেরত পাঠিয়েছেন। তবে তাতে কী কী অন্তর্ভুক্ত রয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।

ট্রাম্প জানিয়েছেন, যেকোনো চুক্তির ক্ষেত্রে তার অগ্রাধিকারের মধ্যে রয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা এবং অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।

শনিবার রাতে ফক্স নিউজে তার পুত্রবধূ লারা ট্রাম্পকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “একটি বিষয় আমাকে নিশ্চিত করতেই হবে, আর তা হলো কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তারা এতে রাজি হয়েছে, এবং বিষয়টি খুবই আকর্ষণীয় ছিল।”

ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচির মতো বিষয় নিয়ে সারগর্ভ আলোচনায় যাওয়ার আগে জব্দকৃত ১২ বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করা প্রয়োজন এবং পারমাণবিক অস্ত্রের পূর্বসূরি সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করে দেওয়া হবে বলে ট্রাম্পের আগের মন্তব্যকে তারা ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।

চু্ক্তি করতে কোনো তাড়া নেই উল্লেখ করে ট্রাম্প বলেছেন, “আমার কোনো তাড়া নেই। আমি মনে করি, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আমরা যা চাই তা পাচ্ছি এবং যদি আমরা যা চাই তা না পাই, তবে আমরা ভিন্নভাবে এর সমাপ্তি ঘটাব।”