রাজনীতি

জিয়াউর রহমান সময়ের প্রয়োজনে সামনে এগিয়ে এসেছিলেন: জাহিদ হোসেন 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিলেন যিনি সময় ও দেশের প্রয়োজনে সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে এসেছিলেন। যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল, তখন তিনি জাতির সামনে আবির্ভূত হন।

রবিবার (৩১ মে) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভার সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা, স্বাধীনতার ঘোষণা, প্রশাসনিক দক্ষতা এবং পরবর্তী রাজনৈতিক ভূমিকা তুলে ধরে জাহিদ হোসেন বলেন, ‘‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর কর্নেল হিসেবে কুমিল্লায় দায়িত্ব পালনকালে তিনি একজন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। সিনিয়র হওয়া সত্ত্বেও তৎকালীন সরকারের বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন। ১৫ আগস্টের পর ফোন করা হলে তিনি কনস্টিটিউশনের কথা বলে নীতির প্রতি আপস করেননি। পরে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে তাকে বন্দিদশা থেকে মুক্ত করে দায়িত্ব দেওয়া হয়।’’

মন্ত্রী আরো বলেন, ‘‘যারা স্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলেছিল, তারাই পরবর্তীতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। দায়িত্ব গ্রহণের পর শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন।’’

নারী ও শিশু উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দেশের ৫০.৮ শতাংশ জনগণ নারী। নারী বিষয়ক অধিদপ্তর শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন, যা পরে বেগম খালেদা জিয়া মন্ত্রণালয়ে রূপ দেন। যুব সংস্থা, মহিলা সংস্থা এবং শিশু একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে যুব ও নারী উন্নয়ন এবং শিশু বিকাশে কাঠামো গড়ে তোলা হয়। পরবর্তীতে এসব প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা হয়েছে।’’ 

‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের  ভয় রয়েছে। কারণ তার নামের সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক ব্যর্থতার বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে,’’ বলেন তিনি।