সারা বাংলা

নৌভ্রমণে গিয়ে নিখোঁজ, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

গাজীপুরের তুরাগ নদীতে নৌভ্রমণে গিয়ে নৌকা থেকে পড়ে রাসেল (২২) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। শনিবার বিকেলে তিনি নিখোঁজ হন।

রবিবার (৩১ মে) সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে তার সন্ধান মেলেনি। নিখোঁজ রাসেলকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, জেলে এবং এলাকাবাসী যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

রাসেল কাশিমপুর এলাকার গোবিন্দবাড়ি গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে তুরাগ নদীতে নৌভ্রমণে যান রাসেল। নৌকায় গান-বাজনা ও চলাকালে হঠাৎ তিনি ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত উদ্ধারের চেষ্টা করলেও তিনি পানির নিচে তলিয়ে যান। পরে ৯৯৯-এ কল করা হয়।

কাশিমপুর থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, “নৌভ্রমণে গিয়ে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”