লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামে যুবদলের এক কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রবিবার (৩১ মে) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে ও ইউনিয়ন যুবদলের সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন প্রবাসী। এই সুযোগে আল-আমিন বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় অভিযুক্ত তার বাড়ির টিনের চালে ইট-পাটকেল ছুড়তেন। এর জেরে প্রায় ৯ মাস আগে গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান।
গত রমজানে তিনি আবার শ্বশুরবাড়িতে আসেন। এরপর আবারো তাকে কু-প্রস্তাব দেওয়া হয়। কিন্তু, তিনি রাজি হননি। ২৮ মে দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগ থেকে ওঁত পেতে থাকা আল-আমিন পেছন থেকে মুখ চেপে ধরে তাকে সুপারি বাগানে নিয়ে যান। একপর্যায়ে গলায় ছুরি ঠেকিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে অথবা মামলা করলে ভিকটিমের একমাত্র ছেলেকে হত্যার হুমকি দেন অভিযুক্ত।
অভিযোগের বিষয়ে জানতে আল-আমিন ছৈয়ালের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, “মামলার তদন্ত চলছে। এ ঘটনায় এখনো আসামি গ্রেপ্তার নেই। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”