ঢাকার পল্টনে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে শুভ্র রোজারিও (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩১ মে) রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহত শুভ্র রোজারিওর বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছাইতান গ্রামে। তার পিতার নাম মৃত রঞ্জন রোজারিও। তিনি পল্টনের ক্যাপিটাল হোটেলে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানেই থাকতেন।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ নুরুজ্জামান জানান, খবর পেয়ে ক্যাপিটাল হোটেলের ৫১৮ নম্বর কক্ষে অভিযান চালিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় শুভ্র রোজারিওর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতের ভাই জেমি রোজারিও জানান, তার ভাই ক্যাপিটাল হোটেলে বাবুর্চির কাজ করতেন এবং সেখানেই থাকতেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে পরিবারের কেউ কিছু বলতে পারছেন না।