জাতীয়

যানজটহীন সড়ক, স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ

ঈদের আনন্দ, স্বজনের সান্নিধ্য আর গ্রামের নির্মল বাতাসকে পেছনে ফেলে আবারো কর্মব্যস্ত জীবনের টানে রাজধানী ঢাকার পথে ফিরছেন মানুষ। তবে এবার ফেরার যাত্রায় নেই দীর্ঘ যানজটের ক্লান্তি, নেই ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকার ভোগান্তি। ঈদের ছুটি শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বস্তির যাত্রায় ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ।

সোমবার (১ জুন) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা এবং সিলেট অঞ্চল থেকে একের পর এক বাস এসে পৌঁছাচ্ছে। দূরপাল্লার পথ পেরিয়ে গন্তব্যে নামতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলছেন যাত্রীরা। আবার যাত্রী নামিয়েই অনেক বাস ফিরে যাচ্ছে নিজ নিজ জেলার পথে।

সিরাজগঞ্জ থেকে সেবা পরিবহনে আসা বেসরকারি চাকরিজীবী রমিজ উদ্দিন জানান, সকাল সাড়ে ৬টায় বাসে উঠে সাড়ে ৯টার মধ্যেই ঢাকায় পৌঁছে গেছেন। পথে কোথাও উল্লেখযোগ্য যানজটের মুখোমুখি হতে হয়নি।

কিশোরগঞ্জ থেকে আসরা অনন্যা পরিবহনের চালক রাসেল বলেন, কিশোরগঞ্জ থেকে সাড়ে ৩ ঘণ্টায় ঢাকায় এসেছি। রাস্তায় যানজট নেই। যাত্রীও অনেক।

সিলেট থেকে আসা বিলাশ পরিবহনের চালক কবির জানান, ভোরেই মহাখালী পৌঁছেছেন। যাত্রী নামিয়ে বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ পর আবার সিলেটের উদ্দেশে রওনা দেবেন।

শেরপুর থেকে স্টার লাইন পরিবহনে ঢাকায় আসা ইসমাইল হোসেনও জানান, স্বাভাবিক সড়ক পরিস্থিতির কারণে যাত্রা ছিল আরামদায়ক।

বাস টার্মিনাল সূত্রে জানা যায়, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছে বাস। বেশিরভাগ পরিবহনই যাত্রী নামিয়ে সঙ্গে সঙ্গেই আবার নতুন যাত্রার জন্য গন্তব্যের পথে ছুটে যাচ্ছে।

ফেরত আসা যাত্রীরা বলছেন, ট্রেনের ভাড়া তুলনামূলক কম হলেও টিকিট পাওয়া কঠিন। তাই বাড়তি খরচ হলেও বাসই তাদের ভরসা। সহজলভ্যতা এবং স্বাভাবিক সড়ক যোগাযোগের কারণে অনেকেই বাসে করেই রাজধানীতে ফিরছেন।

ঈদের উৎসব শেষে ধীরে ধীরে পুরোনো ছন্দে ফিরছে ঢাকা। গ্রামের উঠোন, স্বজনের মুখ আর ঈদের আনন্দময় মুহূর্তগুলো স্মৃতিতে রেখে জীবিকার তাগিদে মানুষ আবারো ফিরছে ব্যস্ত নগরীর চেনা বাস্তবতায়।