চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
সোমবার (১ জুন) সকালে উপজেলার বিবিরহাট এলাকার পাইন্দংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. শাহজাহান ও তার ছেলে মোহাম্মদ আরিফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে বাবা ও ছেলে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাস তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হোসাইন বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”