ঈদুল আজহার ছুটি শেষে সোমবার (১ জুন) খুলেছে অফিস-আদালত। কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরতি যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা যায়নি। ফলে স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন যাত্রীরা।
সরেজমিনে সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায়, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা লঞ্চে করে ঢাকায় ফিরছেন যাত্রীরা।
চাঁদপুর থেকে ফেরা মোনায়েম বলেন, “পরিবারের সঙ্গে ঈদের সময়টা খুব ভালো কেটেছে। আজ থেকে অফিস শুরু হয়েছে, তাই কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরেছি। এখন সরাসরি অফিস যাব।”
চাঁদপুর থেকে ফেরা আরেক যাত্রী আরিফ রহমান বলেন, “ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে অনেক সুন্দর সময় কেটেছে। এখন আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে হচ্ছে। বাচ্চাদের স্কুল খুলবে, তাই সবাইকে নিয়ে ঢাকায় ফিরতে হলো। বাবা-মাকে রেখে আসতে খারাপ লাগছে।”
ভোলা থেকে ফেরা রায়হান বলেন, “ঈদের সময় আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা হয়েছে। বাড়ি যাওয়া সব সময়ই আনন্দের। কিন্তু ফিরে আসা কষ্ট। তবু জীবিকার তাগিদে ফিরতে হলো।”
এদিকে ফিরতি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটির ঢাকা নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক মো. মোবারক হোসেন।
তিনি বলেন, “আজ থেকে অফিস-আদালত খুলেছে। মানুষ কর্মস্থলে ফিরছেন। যাত্রীরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পারেন, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”