শিক্ষা

বাংলাদেশিদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে মালয়েশিয়া

মাস্টার্স করতে মালয়েশিয়ায় যেতে চান? আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত এমটিসিপি (MTCP) স্কলারশিপের আবেদন শুরু করেছে মালয়েশিয়া সরকার। এ বৃত্তির আওতায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা দেশটির স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন।

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার আগ্রহ বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে দিন দিন বাড়ছে। তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা, আন্তর্জাতিক পরিবেশ এবং বৃত্তির সুযোগ থাকায় অনেকের পছন্দের তালিকায় রয়েছে মালয়েশিয়া। এমন সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত সরকারি বৃত্তির ঘোষণা দিয়েছে দেশটি।

মালয়েশিয়ান টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম (এমটিসিপি) স্কলারশিপ ২০২৬-২৭-এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশিরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তিপ্রাপ্তরা মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

এটি একটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি। আবেদনের জন্য কোনো ফি লাগবে না। পাশাপাশি আইইএলটিএস বাধ্যতামূলক নয়। ইংরেজি মাধ্যমে পড়াশোনা সম্পন্ন করার প্রমাণপত্র থাকলেও আবেদন করা যাবে।

যেসব সুবিধা মিলবে

এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের পড়াশোনাসংক্রান্ত প্রায় সব ব্যয় বহন করা হবে। এর মধ্যে রয়েছে— •    সম্পূর্ণ টিউশন ফি •    মাসিক জীবনযাত্রার ভাতা •    নিজ দেশের নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া যাতায়াতের একবারের ইকোনমি ক্লাস বিমান টিকিট

যেসব বিষয়ে পড়ার সুযোগ

বৃত্তির আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাস্টার্স করার সুযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য— •    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) •    অর্থনীতি ও বাণিজ্য •    বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) •    খাদ্য নিরাপত্তা ও কৃষি প্রযুক্তি •    ইসলামিক ফিন্যান্স •    আইন •    লোকপ্রশাসন ও নীতি গবেষণা •    পরিবেশ ও টেকসই বিজ্ঞান

আবেদনের জন্য যেসব কাগজপত্র লাগবে

•    পূরণকৃত আবেদন ফর্ম •    ন্যূনতম ছয় মাস মেয়াদসম্পন্ন পাসপোর্টের সত্যায়িত কপি •    স্নাতক পর্যায়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেমের সনদ •    ইংরেজি ভাষা দক্ষতার সনদ (যদি থাকে) •    দুইজন রেফারির সুপারিশপত্র •    এনডোর্সমেন্ট ফর্ম •    মালয়েশিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ের অফার লেটার (যদি থাকে) •    জীবনবৃত্তান্ত (সিভি)

আবেদন করতে পারবেন যারা

আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। স্নাতক বা সমমানের পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে। সাধারণত ন্যূনতম সিজিপিএ ৩.৫০ বা তার বেশি প্রত্যাশা করা হয়। ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস-এ ন্যূনতম ৬.০ অথবা টোফেল স্কোর গ্রহণযোগ্য। তবে ইংরেজি মাধ্যমে ডিগ্রি সম্পন্ন করার সনদ থাকলেও আবেদন করা যাবে।

শুধু তারাই আবেদন করতে পারবেন, যারা মালয়েশিয়ার কোনো বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়েছেন কিন্তু এখনো পড়াশোনা শুরু করেননি অথবা সর্বোচ্চ এক সেমিস্টার সম্পন্ন করেছেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য ও আবেদনপত্র সংশ্লিষ্ট ওয়েবসাইটে  (https://mtcp.kln.gov.my/scholarship) পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: ১২ জুন ২০২৬।