জাতীয়

ঈদের আমেজ ব্যাংক পাড়ায়, গ্রাহক উপস্থিতি কম

ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন ছুটির পর আজ সোমবার (১ জুন) ব্যাংক-বিমা ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খুলেছে। ব্যাংক পাড়ায় গ্রাহকদের উপস্থিতি ছিল কম, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিল ঈদের আমেজ। রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন এলাকা ঘুরে এমনই চিত্র লক্ষ্য করা গেছে।

ঈদের ছুটির পর প্রথমদিন ব্যাংক পাড়ায় কর্মকর্তা-কর্মচারীরা ঈদের কুশল বিনিময় করতে দেখা গেছে। তাছাড়া ব্যস্ততা কম থাকায় অনেকেই অলস সময় পার করছে। গ্রাহকদের উপস্থিতি কম থাকায় ঢিলেঢালা লেনদেন চলছে।

ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আলাপাকালে তারা জানান, ঈদের ছুটির পর আজ ব্যাংক খুললেও গ্রাহকদের উপস্থিতি সকালের দিকে স্বাভাবিকের তুলনায় কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কিছুটা বাড়ছে।  বড় ধরনের কোনো লেনদেন হচ্ছে না। যা হচ্ছে তা ছোট ছোট লেনদেন। দু একদিন পর থেকে ব্যাংকগুলোতে পুরোপুরি লেনদেন শুরু হবে বলে আশা করছেন তারা।

সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. শফিকুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, ঈদের পর আজ প্রথম লেনদেন শুরু হয়েছে। গ্রাহকদের উপস্থিতি তুলনামুলক কিছুটা কম। যেসব গ্রাহক ব্যাংকে আসছে তাদের মধ্যে টাকা উঠানোর চেয়ে জমা দিচ্ছে বেশি। আশা করছি, আগামী দুয়েকদিন পর ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি গতিশীল হবে। 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফরেন এক্সচেঞ্জ শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান বলেন, ঈদের ছুটির পর আজ প্রথমদিনই মতিঝিলে পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। তাছাড়াও প্রথম কার্য দিবস হিসেবে লেনদেন কার্যক্রম ঢিলেঢালা চলছে। বড় ধরনের লেনদেন হচ্ছে কম। তবে ছোট্ট লেনদেন হলেও গ্রাহকদের চাপ তুলনামূলক কম। কর্মকর্তাদের মধ্যে কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আমেজেই কাটছে আজ। তাছাড়া কর্মকর্তারা ব্যাংকের অভ্যন্তরীণ কিছু কাজে ব্যস্ত সময় পার করছে।

এদিকে সিটি ব্যাংক বৈদেশিক বাণিজ্য শাখাসহ দিলকুশা এলাকায় অবস্থিত বেশ কিছু ব্যাংকের শাখা ইসলামী ব্যাংকের সামনের বিক্ষোভের কারণে বিকল্প প্রবেশ পথ দিয়ে চালু রাখা হয়েছে। 

উল্লেখ্য, সাধারণ সময়সূ‌চি অনুযায়ী লেনদেন হচ্ছে ব্যাংকগুলোতে। সকাল ১০টা থে‌কে লেনদেন শুরু হয়েছে, যা চলবে দুপুর ৩টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।