সারা বাংলা

ইভটিজিংয়ের দায়ে টিটিসি থেকে বহিষ্কার সেই এনসিপি নেতা

বগুড়ায় নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা আলী আজম সাব্বির খানকে বগুড়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে বহিষ্কার করা হয়েছে। ঈদের ছুটির পর প্রতিষ্ঠানটি খুললে আজ সোমবার (১ জুন) তাকে বহিষ্কার করা হয়।

সাব্বির খান শিবগঞ্জ পৌর এলাকার দহিলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ন আহবায়ক ছিলেন।

এর আগে গত ২৪ মে, বগুড়া টিটিসিতে এক নারী প্রশিক্ষণার্থী ইভটিজিংয়ের অভিযোগ তুলে আলী আজম সাব্বিরকে জুতাপেটা করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। পরে এনসিপি তাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেয়। যার জবাব তাকে তিনদিনের মধ্যে দিতে বলা হয়।  

টিটিসি সূত্রে জানা গেছে, আলী আজম সাব্বির খান বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং ও আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) ট্রেডের প্রশিক্ষণার্থী ছিলেন। তার বিরুদ্ধে নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করা, অশালীন আচরণ এবং আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সোমবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রশিক্ষণ কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং নারী প্রশিক্ষণার্থীদের হয়রানি, অশালীন ও অনভিপ্রেত আচরণের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও প্রশিক্ষণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।