নোয়াখালীর সেনবাগে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ সোহেল (৩৫) নামে এক অটোরিকশাচালককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১ জুন) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, রবিবার বিকেলে শিশুটিকে যৌন হয়রানির অভিযোগ উঠে। সোহেল উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সিদ্দিক উল্যার নতুন বাড়ির ছিদ্দিক উল্যার ছেলে।
পুলিশ সূত্র জানায়, ভিকটিমের বাবা স্থানীয় একটি বাজার থেকে ১৫টি তালের ডাবি কেনেন। পরবর্তীতে শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সোহেলের অটোরিকশায় তুলে দেন। ভিকটিমকে বহনকারী অটোরিকশাটি বাড়ির সামনে পৌঁছলে একটি তালের ডাব পড়ে যায়। ওই অজুহাতে অটোরিকশাচালক শিশুটিকে যৌন হয়রানি করেন। শিশুটির মা ঘটনাটি দেখতে পেলে অভিযুক্ত পালিয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করে ৯৯৯-এ ফোন করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নয়ন বলেন, “এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”