বিয়ের জন্য উপযুক্ত মানুষ খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিবার থেকেও পাত্র খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এমনকি একপর্যায়ে বিয়ের কথাবার্তাও এগিয়েছিল, তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর এগোয়নি।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি প্রেম, বিয়ে ও জীবন নিয়ে নিজের ভাবনাও প্রায়ই ভাগ করে নেন তিনি। এবার বিয়ে নিয়ে নিজের বর্তমান অবস্থান এবং সম্পর্কের অভিজ্ঞতার কথা বলেছেন এই অভিনেত্রী।
ঈদুল আজহা উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বাঁধন জানান, বর্তমানে তার পরিবারের সদস্যরা তার জন্য পাত্র খুঁজছেন। এমনকি একপর্যায়ে বিয়ের কথাবার্তাও অনেক দূর এগিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর এগোয়নি।
বাঁধন বলেন, “গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। তবে, আমার পছন্দমতো মানুষও হতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম। তার মা আমাকে খুব পছন্দ করতেন। কিন্তু সে আসলে পালিয়ে গেছে। কেন এগোয়নি, সেটা আমি বলতে পারব না। তবে কেন জানি মনে হয়, ছেলেরা আমাকে একটু ভয় পায়।”
বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বলেও জানান তিনি। তবে প্রেমের অভিজ্ঞতা জীবনে ছিল, সেটিও অকপটে স্বীকার করেন এই অভিনেত্রী।
প্রেম নিয়ে কথা বলতে গিয়ে বাঁধন বলেন, “ছোটবেলা থেকে আমি প্রেমের বাইরে ছিলাম। তবে জীবনে একটা গভীর প্রেম করেছি। সেই সম্পর্ক চার বছর স্থায়ী ছিল। সম্পর্কটি ভেঙে যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছিলাম।”
সম্প্রতি শেষ হওয়া একটি সম্পর্ক নিয়ে তার অনুভূতি ভিন্ন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “সম্প্রতি যে প্রেমটা ভেঙে গেছে, তাতে আমি ভীষণ খুশি। মনে মনে বলেছি, আল্লাহ বাঁচাইছে।”
অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাঁধন আরো বলেন, “বিয়ে তো আমি দুবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।”
প্রসঙ্গত, মাস দুয়েক আগে এক সাক্ষাৎকারে নতুন প্রেমের কথা জানিয়েছিলেন বাঁধন। তবে এবার তিনি জানালেন, সেই সম্পর্কও আর টিকেনি।