বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার-সংলগ্ন দিঘিতে গোসল করার সময় ফাতেমা (৭) নামে এক শিশুকে কুমির টেনে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে দিঘির মহিলা ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরা তৎপরতা শুরু করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ফাতেমার মা মানসিক প্রতিবন্ধী। মায়ের সঙ্গে শিশুটি মাজারেই থাকত।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শিশুটি মাজারের দিঘির ঘাটে গোসল করতে নামে। এ সময় হঠাৎ কুমির শিশুটির ওপর আক্রমণ করে এবং তাকে টেনে দিঘির গভীর পানিতে নিয়ে নিখোঁজ হয়ে যায়। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খানজাহান আলী (রহ.) মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, “শিশুটি দিঘির পানিতে নামার পরপরই কুমিরের আক্রমণের শিকার হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।”
এর আগে, গত ৮ এপ্রিল দিঘির ঘাট থেকে একটি কুকুরকে টেনে নিয়ে যায় কুমির। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।
খানজাহান আলী (রহ.)-এর মাজার-সংলগ্ন দিঘিতে খানজাহান প্রথম কুমির ছেড়েছিলেন। তবে, তার সেই রেখে যাওয়া কুমির এখন আর নেই। ২০০৫ সালে ভারতের মাদ্রাজ থেকে আনা ৫টি কুমিরের মধ্যে এখন মাত্র একটি কুমির আছে।