নেহারি শুধু একটি খাবার নয়, বরং কোরবানির ঈদের পর পারিবারিক আয়োজন ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কোরবানির তাজা গোশত, বিশেষ করে পায়ের মাংস ও হাড় দিয়ে ধীরে ধীরে রান্না করা এই সুস্বাদু পদটি ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। দীর্ঘ সময় ধরে মসলা ও মাংসের মেলবন্ধনে তৈরি নেহারির ঘন ঝোল, মনমাতানো সুবাস এবং অনন্য স্বাদ পরিবারের সবাইকে একসঙ্গে বসে খাবারের আনন্দ উপভোগ করার সুযোগ করে দেয়। তাই কোরবানির ঈদের পরের দিনগুলোতে অনেকের রান্নাঘরেই বিশেষ স্থান দখল করে নেয় ঐতিহ্যবাহী নেহারি।
উপকরণ গরু অথবা খাসির পায়ের নিচের অংশ: ২ কেজি পেঁয়াজ কুচি: ১ কাপ আস্ত রসুনের কোয়া: আধা কাপ আদা বাটা: ১ টেবিল চামচ কাঁচামরিচ: ৫/৬টি (কুচি) তেজপাতা: ২/৩টি ছোট এলাচ: ৪/৫টি বড় এলাচ: ২টি স্টার মসলা: ২টি লবঙ্গ: ১০/১২টি দারুচিনি: ২/৩ টুকরা শুকনা মরিচ গুঁড়া: ১ টেবিল চামচ হলুদ গুঁড়া: আধা চা চামচ ধনে গুঁড়া: ১ টেবিল চামচ লবণ: ১ টেবিল চামচ অথবা স্বাদ মতো তেল: আধা কাপ গোলমরিচ: ২০টি পাউরুটি: ২ টুকরা পোস্ত বাটা: ১ টেবিল চামচ বাদাম বাটা: ২ টেবিল চামচ
ফোড়নের উপকরণ তেল: ১/৪ কাপ পেঁয়াজ: আধা কাপ (কুচি) রসুন কুচি: ১ টেবিল চামচ শুকনা মরিচ: ৪/৫টি আদা কুচি: ১ চা চামচ গরম মসলা: আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া: আধা চা চামচ
প্রথম ধাপ শুরুতে গরুর পায়ের টুকরা প্রেসার কুকারে দিয়ে দিন। পোস্ত বাটা ও বাদাম বাটা বাদে বাকি সব মসলা একে একে দিয়ে ৬ কাপ পানি দিন। চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলায় দিয়ে দিন প্রেসার কুকার। চুলার জ্বাল বাড়িয়ে ১ ঘণ্টা চুলায় রাখুন। খাসির পা হলে আধা ঘণ্টা রাখলেই হবে।
দ্বিতীয় ধাপ পাউরুটির চারপাশের শক্ত অংশ ফেলে পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। ১ ঘণ্টা পর প্রেসার কুকারের ঢাকনা খুলে আরেকটি ছড়ানো পাত্রে ঢালুন মসলাসহ পা। পাত্রটি চুলায় দিয়ে পোস্ত বাটা ও বাদাম বাটা দিন। পেঁয়াজ গলে যাওয়ার আগ পর্যন্ত ভালো করে কষান। কিছুক্ষণ পর ২ কাপ পানি দিন। এবার পানিতে ভেজানো নরম পাউরুটি আধা কাপ পানিতে পেস্ট তৈরি করে অল্প অল্প করে দিয়ে দিন হাঁড়িতে। আরও ৫ মিনিট রান্না করে চুলার আঁচ কমিয়ে দিন।
তৃতীয় ধাপ আরেকটি প্যানে ফোড়নের জন্য তেল দিন। পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজের রং স্বচ্ছ হয়ে আসলে রসুন কুচি দিন। ভালো করে নাড়ুন। আদা কুচি ও শুকনা মরিচ দিন। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে ২ চা চামচ নেহারির ঝোল দিয়ে ঢেকে দিন প্যান। ২ মিনিট পর ঢাকনা খুলে বাকি নেহারিটুকু ঢেলে দিন। বলক উঠলে গরম মসলার গুঁড়া ও জিরার গুঁড়ার দিয়ে ঢেকে দিন প্যান। চুলার আঁচ কমাবেন না। ৫ মিনিট পর চুলা বন্ধ করে অপেক্ষা করুন মিনিট পাঁচেক। নেড়ে পরিবেশনের পাত্রে ঢালুন।
পরিবেশন: পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার নেহারি।