গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একটি সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) ভোরের দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন উত্তর সোম এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।
এলাকাবাসী জানান, আজ ভোরে বঙ্গবন্ধু বাজার সংলগ্ন উত্তর সোম এলাকায় স্থানীয় কয়েকজন পথচারী রাস্তার পাশে এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪২ থেকে ৪৫ বছরের মধ্যে। তার পরনে ছিল সাদা ডোরাকাটা ট্রাউজার ও হলুদাভ রঙের টি-শার্ট। মরদেহের কাছাকাছি কিছু খুচরা টাকা, একটি লাল-সাদা চেক গামছা এবং একটি নীল গ্যাস লাইটার পাওয়া গেছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তারা জানান, মৃত ব্যক্তির মাথার এক পাশ গুরুতর ক্ষতিগ্রস্ত ছিল। এ অবস্থায় ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও হত্যার পর মরদেহটি ওই স্থানে এনে ফেলে রাখা হয়ে থাকতে পারে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।