সারা বাংলা

গাংনীতে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

মেহেরপুরের গাংনীতে ট্রাকের টায়ার চুরি করতে এসে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকার একটি টায়ারের দোকানে ঘটনাটি ঘটে।

দোকান মালিক বাদল হোসেন বলেন, ‍“দোকানে আমার ছোট ভাই ছিল। গ্রিল কাটা ও তালা  ভাঙা দেখে সে উঠে আসে। এ সময় চোরের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। পরে চোর চক্রের আরো কয়েকজন সদস্য সেখানে আসে। আমার ছোট ভাই চিৎকার করলে স্থানীয় মানুষজন ছুটে আসেন। তখন চোর চক্রের চারজন সদস্য পালিয়ে যায় এবং একজন ধরা পড়ে। স্থানীয়দের গণধোলাইয়ে ধরা পড়া চোর মারা যান। আমার দোকানের টায়ারসহ কিছু জিনিস চুরি হয়েছে।”

বাদল হোসেনের ছোট ভাই তুষার আহমেদ বলেন, “আজ ভোরের দিকে ৪ থেকে ৫ জন চোর আমার দোকানের তালা কেটে টায়ার চুরির জন‍্য ঢোকে। এ সময় একজনকে ধরে ফেলা হয়। স্থানীয় জনগণ তাকে গণপিটুনি দিলে তিনি মারা যান।”

স্থানীয় এক বাসিন্দা জানান, সকালে শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে দেখেন চোর চক্রের এক সদস্যকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, “ভোর বেলায় চোর চক্রের এক সদস্যকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়েছে। সকালে তার মৃত্যু হয়। আমরা ঘটনার খবর শুনে দেখতে এসেছি।”

বামন্দী পুলিশের ক‍্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি। এখনো নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।”

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, “জানতে পেরেছি, চোর চক্রের এক সদস্যকে স্থানীয় জনগণ গণপিটুনি দিয়ে মেরে ফেলেছেন। নিহতের নাম ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।”