সারা বাংলা

কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে শাহ আমানত সেতু এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মাহিন সরওয়ার এর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তার বাবা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে নতুন ব্রিজ এলাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন বিধান মল্লিক ও তার বাবা দুর্গাপদ মল্লিক। কর্ণফুলী নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ফল সড়কে ছিটকে পড়েন বিধান মল্লিক ও দুর্গাপদ মল্লিক। ঘটনাস্থলেই মারা যান দুর্গাপদ মল্লিক। গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মাহিন সরওয়ার বলেন, “দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘাতক গাড়ির চালককে শনাক্তে কাজ চলছে।”